আরবের বিভিন্ন অঞ্চলে প্রবল বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার পূর্বাভাসের কারণে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। এই আবহাওয়া-সংক্রান্ত সতর্কবার্তা আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত বলবৎ থাকবে।
জাজান, আসির, আল বাহা এবং মক্কা অঞ্চলের কিছু অংশে টানা বজ্রঝড় ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জাজান ও আসিরের কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা অনেক বেশি হতে পারে। নাজরানের কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি এবং নিম্নাঞ্চল ও উপত্যকাগুলোতে পাহাড়ি ঢল বা আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
বৃষ্টিপাতের সময় উপদ্রুত এলাকার বাসিন্দা এবং যানচালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একই সঙ্গে উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলা এবং সরকারি আবহাওয়া নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
