
কখনো কখনো জীবনের ছোট্ট একটা ঘটনা আমাদের ভেতরে অনেক বড় একটা উপলব্ধি তৈরি করে।প্রায় এক বছর আগে অনলাইনে একজন মানুষের কাছে আমি কিছু টাকা পাওনা হয়েছিলাম। তার কাছ থেকে প্রোডাক্ট কিনেছিলাম, কিন্তু প্রোডাক্টটা পাইনি, টাকাটাও আর ফেরত পাইনি। বিষয়টা একসময় প্রায় ভুলেই গিয়েছিলাম।হঠাৎ আজকে সেই মানুষটা আমাকে মেসেজ দিয়ে বললেন, ভাই, আমার কাছে একটু গিল্টি ফিল হচ্ছে। আমি আপনার টাকাটা দিয়ে দিতে চাই। এরপর তিনি আমার সেই পুরোনো পাওনা টাকাটা আমাকে পাঠিয়ে দিলেন।কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এর মাত্র দুই দিন আগে একজন ক্যান্সার রোগী আমার কাছে সাহায্য চেয়েছিলেন। সামর্থ্য অনুযায়ী আমি তাকে কিছু টাকা সাহায্য করেছিলাম। সেই সাহায্য করার সময় আমি কোনো বিনিময়ের আশা করিনি। শুধু মনে হয়েছিল, একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারলে দাঁড়ানো উচিত।দুই দিন পর হঠাৎ করে এক বছরের পুরোনো সেই পাওনা টাকা আমার কাছে ফিরে এলো।আমি এটাকে কোনো হিসাবের সূত্র হিসেবে দেখছি না। বরং আমার কাছে এটা একটা সুন্দর আত্মিক অনুভূতি। মনে হলো, আমরা যখন মন থেকে একজন অসহায় মানুষের পাশে দাঁড়াই, তার জন্য মন থেকে দোয়া করি, তখন হয়তো সেই ভালো কাজের প্রভাব কোনো না কোনোভাবে আমাদের জীবনেও ফিরে আসে।আল্লাহ কীভাবে কার রিজিকের দরজা খুলে দেন, সেটা আমরা কেউ জানি না। কখনো মানুষের মাধ্যমে, কখনো এমন কোনো জায়গা থেকে, যেখান থেকে আমরা আর কিছু পাওয়ার আশাই করি না।তাই ভালো কাজ করে সঙ্গে সঙ্গে বিনিময় আশা করবেন না। কাউকে সাহায্য করলে মনে রাখবেন, আপনি হয়তো তার জীবনটা একটু সহজ করে দিচ্ছেন। আর আপনার নিজের জীবনের হিসাবটা আল্লাহ নিজের মতো করে সামলে নিতে পারেন।আমার আজকের উপলব্ধি খুব সহজ।মানুষের উপকার করুন, সামর্থ্য অনুযায়ী অসহায়ের পাশে দাঁড়ান, মন থেকে দোয়া করুন। বিনিময়ে কিছু পাওয়ার জন্য নয়, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য।কারণ রিজিক শুধু টাকা দিয়ে আসে না। কখনো রিজিক আসে শান্তি হয়ে, কখনো মানুষের ভালোবাসা হয়ে, কখনো বিপদের সময় একজন মানুষের হাত হয়ে, আর কখনো এক বছর আগের হারিয়ে যাওয়া পাওনা টাকা হয়ে।আমরা শুধু ভালো কাজটা করে যাই। বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিই।